সোমবার, মে ১৮, ২০২৬

বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবে’পাঞ্চজন্য’

সুস্মিতা বসাক

পাঞ্চজন্য – গজেন্দ্রকুমার মিত্র
প্রকাশনী – মিত্র ও ঘোষ

মহাভারত এক বিশাল মহাকাব্য, যার একটি অংশ নিয়ে এই উপন্যাস রচিত হয়েছে। এখানে কাহিনী দ্রুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভা থেকে শুরু হয়ে কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের অন্তিমক্ষণে গিয়ে শেষ হয়েছে। ‘পাঞ্চজন্য’ কুরু ও পাণ্ডবদের নিয়ে এই কাহিনী হলেও এই কাহিনীতে যে চরিত্র মূখ্য ভূমিকা পালন করেছেন তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাঁর থেকে বড়ো রাজনীতিবিদ আর কেই বা ছিল। লেখক তাঁকে দেবতারূপে না দেখালেও তাঁর ইচ্ছানুসারেই যে সমস্ত কিছু হচ্ছে তা স্পষ্টভাবে দেখানো হয়েছে। তিনি না চাইলে কি এই কুরুক্ষেত্র যুদ্ধ হতো? হয়তো না। তিনি চাইলে এই বিধ্বংসী যুদ্ধ আটকাতে পারতেন। কিন্তু তিনি তা করেন নি। ধর্ম স্থাপনের জন্য সমস্ত অন্যায় পাপের বিনাশের জন্য এই যুদ্ধ ছিল একান্ত প্রয়োজন। কিন্তু সত্যিই কি পাপের বিনাশ হয়েছিল পুরোপুরি? হয়তো না, আর সেই উপলব্ধিই তিনি করেছেন অন্তিমক্ষণে।
এই বইয়ের যে অংশ দুটি সবথেকে বেশি ভালো লেগেছে তারমধ্যে একটি হলো কর্ণের সাথে কৃষ্ণের কথোপকথন। কর্ণ সম্পর্কে জানলেও এতো বিস্তারিতভাবে জানা ছিল না। কারণ অন্যান্য চরিত্রদের নিয়ে আগেও টুকটাক পড়া হয়েছে, সে সৌরভ মুখোপাধ্যায়ের ‘প্রথম প্রবাহ’ বা ‘দৈবাদিষ্ট’ হোক, বা শাহযাদ ফিরদাউসের ‘ব্যাস’ হোক বা বাণী বসুর মহাভারত নির্ভর কিছু চরিত্রদের নিয়ে বই হোক। কিন্তু কর্ণ নিয়ে আগে পড়ার সৌভাগ্য হয়নি। তাই এই বই পড়ে কর্ণ সম্বন্ধে কিছু ভুল ধারণা ছিল তা ভাঙলো। প্রকৃত বীর তো আমার মতে সেই-ই। ভাগ্য চিরকাল তাঁর সাথে পরিহাসই করেছে। অবশ্য শুধু কর্ণ নয়, দ্রৌপদী, গান্ধারী, বিদুর, একলব্য, পিতামহ ভীষ্ম এঁরা, এছাড়া আরও অনেকের সাথেই ভাগ্য পরিহাস করেছে। আর সত্যি বলতে সমগ্র মহাভারত জুড়েই তো রয়েছে শুধু ভাগ্য বিতাড়িতদের হাহাকার।
দ্বিতীয় ভালোলাগার অংশটি হলো কুরুক্ষেত্র যুদ্ধের অংশটি। এতো পুঙ্খানুপুঙ্খভাবে যুদ্ধের বর্ণনা আমি আগে কোথাও পড়িনি এবং আমার জানাও ছিল না। তবে যুদ্ধের এই বিধ্বংসীতা, তার ভয়াবহ পরিণতি বরাবরই খুব বেদনাদায়ক।

যাইহোক এর বেশি আমার আর কিছু বলার নেই। তবে পড়ার পর এটা উপলব্ধি করলাম কেন এই বইটিকে ক্লাসিক সাহিত্যের উচ্চস্থানে রাখা হয়। কূটনীতি, রাজনীতি, ষড়যন্ত্র, মহামানবত্ম, বীরত্ব, প্রতিবাদ, প্রতিশোধ সবকিছুর সংমিশ্রণে এটি একটি অসামান্য বই।
জানি এই বই অনেকেরই পড়া, তবুও যারা এখনও পড়েননি অবশ্যই একবার পড়ে দেখুন। আশা করি ভালো লাগবে। পাঠে থাকুন।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা