কষ্টের স্বরলিপি
আমার ভিতর কষ্ট কাঁদে বর্ণচোরা দুঃখটাও
জলের ভিতর স্বচ্ছ মাছে ঝিনুক কুড়ায় কিংবা
বালি,জীবন যাপন জল থই থই নির্জনতায়
ঘর দুয়ারে বাইরে দেখি অস্থিরতার সূত্রটাও|
বৃষ্টি হলে কষ্ট বাড়ে কিন্ত সেতো প্রলেপটাও
পারতো দিতে জলের ছিটায়| জল গড়ালে কিংবা
রোদে স্পর্শ খুঁজি, মধ্যদিনে দুপুর গড়ায়
বাতাস যখন স্তব্ধ বধির অরণ্যে গায় শূন্যতাও|
আমার ভিতর নষ্ট পাথর নুড়ি হবার তীব্র
আশায় সাগর খোঁজে, ঢেউয়ের চূড়া ছুঁয়ে ছুঁয়ে
আকাশ খোঁজে, কবির মতো পংক্তি খোঁজে, নরম
জলের ঝাপটা খোঁজে,নদীর মতো কান্না খোঁজে |
মধ্যরাতে কষ্ট কাঁদে হাজার পাথর নষ্ট কাঁদে
কষ্ট নিয়ে নীল জ্যোছনা বাতাস ভেংগে উঠলে ছাদে ৷
(ভজন সরকারের “ক্যানভাসে বেহুলার জল” কাব্যগ্রন্থ থেকে)


