শনিবার, মে ১৬, ২০২৬

পংকজ পালের কবিতা

এক টুকরো শেকড়ের গান

ভূমি, তুমি কি কেবলই মাটি?
নাকি এক টুকরো শেকড়ের আকুলতা,
নাকি নখের ভেতর লেগে থাকা ধুলো—
যা কাঁপে না, কাঁদে না, তবু রক্তের মতো গাঢ়?

নাকি এক জীর্ণ ক্যানভাস,
যেখানে অদৃশ্য হাত লিখে যায়
সীমানার ইতিহাস?
একটা রেখা টানলেই হয়ে যায় দেশ ৷

তুমি কি দখলের গল্প?
নাকি স্মৃতির স্তূপ,
যেখানে আগুনের ভাষা জমে আছে?
যেখানে পায়ের ছাপগুলো পুরোনো,
কিন্তু দাবিগুলো নতুন—
আমার! আমার! আমার!

নামহীন হাত তোমাকে কেটে নেয়,
সীমানা টানে, পতাকা গেড়ে বলে—
“এটা আমার!”
কিন্তু তুমি কি কারও হও?
তুমি কি জানো মালিকানা কাকে বলে?

তুমি জানো শুধু গ্রহণ করতে,
হাজার হাজার পায়ের স্পর্শ,
লাঙলের ধার, বীজের প্রতীক্ষা,
রক্তের দাগ, ঘামের গন্ধ।

এই ভূমির তলায় চাপা পড়ে আছে—
কত হারিয়ে যাওয়া নাম,
কত ইতিহাসহীন হাত,
কত রক্ত, যা কারও পতাকা পায়নি!

তুমি কি কাঁদো,যখন
ট্র্যাক্টরের দাঁতে ছিঁড়ে যায় তোমার বুক?
তুমি কি হাসো,যখন
শিশুরা তোমার বুকে দৌড়ায় বৃষ্টির দিনে?

তবু একদিন,
যারা তোমাকে ভেঙেছে,
যারা তোমাকে বেঁধেছে,
তারাও তোমার গভীরে হারিয়ে যাবে,
তুমি আবার সবুজ হয়ে উঠবে,
একটা নতুন গল্পের জন্য…

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা