ভুলে হলাহল মৃত্যু স্বাদ
যেদিন তোমার ভালোবাসা ছেড়ে
নিয়তির ঘুমের মধ্যে উড়ে যাওয়া পাখি হয়ে—
মিলে যাবো দূর আকাশের অজানায় !
সেদিন বেদনায় বিহবল হবে তোমার চাঁদমুখ
প্রিয় স্মৃতিরা মাথাতুলে দাঁড়াবে,
কষ্টকে আড়াল করে ৷
প্রতিধ্বনিত হবে ভুলে যাওয়া মধু সংলাপ
নিভে যাওয়া জোনাকির আলোয়—
কিছু কথা রয়ে যাবে ঘাসফুলে ৷
অজানা শূণ্যতায় নিঃস্ব হবে তোমার হ্নদয়
পাতাহীন রুক্ষ বৃক্ষে ডেকে যাবে একা
কালো কাক ৷
তোমার চোখের গভীরে নিভে যাওয়া আমি
পারিজাত বৃক্ষের অমৃত ফল হয়ে
হয়তো বেঁচে থাকবো ৷
আমিহীন এই বাড়িটার বাগিচায়
উপচে পড়া ভেজা জোছনার রাতেও
নামবে মায়াবী অন্ধকার এক ,
স্বপ্নগুলো মিলে যাবে দূরে ডাকা বিহঙ্গমে ৷
হয়তো জানালার পাশেই আনমনে কেউ
মুছবে নয়ন বারি !
তবুও আমি বাঁচতে চাই—
তোমার স্মৃতিতে আর অনুভবে
ভুলে হলাহল মৃত্যু স্বাদ ৷


