রবিবার, মার্চ ১৫, ২০২৬

জীবনানন্দ দাশের কবিতা

তোমায় আমি

তোমায় আমি দেখেছিলাম ব’লে
তুমি আমার পদ্মপাতা হলে;
শিশির কণার মতন শূন্যে ঘুরে
শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে
খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।
নদী সাগর কোথায় চলে ব’য়ে
পদ্মপাতায় জলের বিন্দু হ’য়ে
জানি না কিছু-দেখি না কিছু আর
এতদিনে মিল হয়েছে তোমার আমার
পদ্মপাতার বুকের ভিতর এসে।
তোমায় ভালোবেসেছি আমি, তাই
শিশির হয়ে থাকতে যে ভয় পাই,
তোমার কোলে জলের বিন্দু পেতে
চাই যে তোমার মধ্যে মিশে যেতে
শরীর যেমন মনের সঙ্গে মেশে।
জানি আমি তুমি রবে-আমার হবে ক্ষয়
পদ্মপাতা একটি শুধু জলের বিন্দু নয়।
এই আছে, নেই-এই আছে নেই-জীবন চঞ্চল;
তা তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্মপাতার জল
বুঝেছি আমি তোমায় ভালোবেসে।

লেখক পরিচিতি

জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ – ২২ অক্টোবর ১৯৫৪) বাংলা আধুনিক কবিতার অন্যতম শ্রেষ্ঠ ও মৌলিক কবি। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম.এ. পাশ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। তার কবিতায় প্রকৃতি, নিঃসঙ্গতা, প্রেম, স্মৃতি ও সময় গভীরভাবে উপস্থিত। প্রথম কাব্যগ্রন্থ “ঝরা পাতা” প্রকাশিত হয় ১৯২৭ সালে। এরপর “ধ্বংস-স্তব”, “বনলতা সেন”, “মহাপৃথিবী”, ও “রূপসী বাংলা” প্রভৃতি গ্রন্থের মাধ্যমে তিনি অনন্য উচ্চতায় পৌঁছান। তিনি ছিলেন ‘রহস্যময় নিঃসঙ্গতার কবি’। রবীন্দ্র-পরবর্তী বাংলা কবিতায় তিনি আধুনিকতার পথিকৃৎ। ১৯৫৪ সালে এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে তিনি মৃত্যু বরণ করেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা