সূর্য দীঘল বাড়ী (১৯৭৯)

বিশিষ্ট গ্রন্থকার আবু ইসহাক ১৯৫৫ সালে প্রকাশ করেছিলেন কালজয়ী উপন্যাস যার নাম ‘সূর্য দীঘল বাড়ী’। ১৯৭৯ সালে এই কাহিনী অবলম্বনে একই নামে নির্মিত হয় চলচ্চিত্র যা পরিচালনা করেন যৌথভাবে পরিচালনা করেছেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। এটি চিত্রগ্রহণ করেন বরেণ্য আলোকচিত্র-চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। বাংলা ১৩৫০ সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অবিভক্ত ভারতের বাংলায় পঞ্চাশের আকাল’ নামের যে দুর্ভিক্ষ শুরু হয় তাতে স্বামী পরিত্যক্ত জয়গুনের জীবনসংগ্রামের গল্প ফুটে উঠেছে এ চলচ্চিত্রে। ছবিটিতে অভিনয় করেন ডলি আনোয়ার, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, ফখরুল হাসান বৈরাগী, তখনকার শিশুশিল্পী ইলোরা গহর সহ অনেকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালক সহ মোট আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে সূর্য দীঘল বাড়ী ছবিটি । এটিই বাংলাদেশের প্রথম সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।


