হেমন্ত এলো সোনার দেশে
হেমন্ত এলো মিষ্টি হেসে সোনার রোদের দেশে,
শিশিরকণা মুক্তো হয়ে ঘাসের বুকে যায় মেশে।
সুবাস ছড়ায় হাওয়া,শিউলি ঝরে ভোরের বেলা,
কাশবনে আজ সাদা মেঘের স্বপ্ন বেড়ায় মেলা।
দখিন হাওয়ায় ধান ক্ষেত সোনার ঢেউয়ে দোলে ,
প্রজাপতির রঙিন পাখা থাকে ফুলের কোলে।
নীল আকাশে সাদা মেঘের তুলোর ভেলা ভাসে,
নদীর জলে মিষ্টি রোদের মিষ্টি ছবি মায়ায় হাসে।
কৃষক দাদার মুখে হাসি, সোনার ধানের ক্ষেতে,
নতুন ফসল ঘরে আসবে নবান্নে সবে ওঠে মেতে।
উঠোনজুড়ে ধানের ঘ্রাণ আর ঢেঁকির মধুর সুরে,
পিঠেপুলির উৎসব নামে বাংলার প্রতি ঘরে ঘরে।
খেজুর গাছে বসবে হাঁড়ি, ভোরের মিঠে আলো,
পাখির গানে ঘুম ভাঙে, চারদিক লাগে ভালো।
ঘাসের ডগায় শিশির ঝিলিক, শীতের আগমনী,
হেমন্ত যেন প্রকৃতিরই সোনায় লেখা সুখ কাহিনী।


