শনিবার, মে ১৬, ২০২৬

পংকজ পালের কবিতা

রক্তস্নাত একুশ

ঘুম ভাঙে শব্দের,
নিস্তব্ধতার বুকে এক টুকরো গর্জন—
“রাষ্ট্রভাষা বাংলা চাই!”
ষড়যন্ত্রে ফাটল ধরে,
বুলেটের আঘাতে রক্ত ঝরে,
আর আকাশ জানে,
কোনো সংগ্রাম মৃত্যুহীন হয় না!

তুমি কি শুনেছ?
একুশের পদচিহ্ন এখনো রাস্তায়,
হৃদয়ের ভাঁজে ভাঁজে,
কাগজের পাতায়,
তখনকার সূর্যও কেঁপে উঠেছিল
যখন সালাম, রফিক, বরকত, জব্বার
একেকটি শব্দের মতো
লুটিয়ে পড়ল বাংলা মাটির ওপরে!

তখনো কোলাহল ছিল,
শ্লোগানের ঢেউয়ে নতজানু সময়
জলঘোলা চোখের শিশির-শপথ,
“বাংলা আমাদের অধিকার!”

বুলেট বুঝতে পারেনি কবিতার ভাষা,
সেই গোলার আওয়াজও বোবা হয়ে গিয়েছিল
যখন সেদিন শহীদেরা
রক্ত দিয়ে একেকটি বর্ণ লিখেছিল
এই বাংলার বুকে!

কোথাও কেউ কি শুনতে পাচ্ছে?
ধুলোর নিচে,
সময়-পথের গহীনে
একটি ভাষা শেকল ভেঙে
তখনো হাঁটছিল ভবিষ্যতের দিকে!

আজও সে ভাষা বেঁচে আছে—
উচ্চারণে, কবিতায়, গানে,
প্রতিটি শিশুর প্রথম ডাক-
“মা!”

আর আমরা?
আমরা কি শপথ নিয়েছি?
সেই রক্তের ঋণ কি শোধ হবে
শুধু একদিন ফুল দিয়ে?
নাকি প্রতিটি উচ্চারণে
আমরা শহীদের ভাষা বহন করব?

জেনে রেখো—
একটি ভাষার জন্য দেওয়া রক্ত
কখনো বৃথা যায় না!
একটি সত্য ভাষার মৃত্যু হয় না!

[একুশের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন]

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা