১/ বইতে যেন ধুলোবালি না পড়ে সেজন্য বুকশেলফে বই রাখলে সবচেয়ে ভালো হবে। এতে করে বইগুলো নজরেও পড়বে। ঘর দেখতে সুন্দর লাগবে। চোখের শান্তি, মনের শান্তি।
২/ বুকশেলফ না থাকলে কোনো আলমারি বা ড্রয়ারে রাখুন। এতেও বই নিরাপদ থাকবে।
৩/ তাও সম্ভব না হলে জিপ ব্যাগ বা সাদা পলিতে রাখুন। বইয়ের সৌন্দর্য মলিন হবে না।
৪/ বই যেন তেলাপোকা, বিভিন্ন কীটপতঙ্গ না কাটে! সেজন্য বুকশেলফ বা ড্রয়ারে কর্ফুর বা শুকনো নিম পাতা দিয়ে রাখুন। এগুলোর গন্ধে এসব ধারে কাছে আসে না। ইঁদুরের জন্য ইঁদুরের ঔষধ আশপাশে ছিটিয়ে দিন। এটাই সবচেয়ে বেশি কাজের হয়ে থাকে।
৫/ বই ঠিকমতো ধরতে শিখুন। পৃষ্ঠা উলটানো শিখুন। এগুলো না শিখলে বইয়ের ঢাল আর পৃষ্ঠা দুর্বল হয়ে পড়ে। তখন সুন্দর বইগুলো আর আগের মতো কাছে টানবে না।
৬/ মাঝেমধ্যে হার্ডকভারের বই কড়া রোদে দিন। ১০ মিনিট রেখে নিয়ে আসুন। বেশি রোদে রাখলে কাভারের রঙ নষ্ট হয়ে যাবে। পৃষ্ঠা কুঁচকে যাবে। আর কখনও ভুলেও পেপারব্যাক বই রোদে দিবেন না। প্রচ্ছদ পুরো শেষ হয়ে যাবে। পেপারব্যাক বই হলো যেগুলোতে শক্ত ঢাল দেয় না।
৭/ যারা বই ধারে পড়তে নিয়ে বহুদিন ফেলে রাখে, সেগুলো অনতিবিলম্বে নিয়ে আসুন। অযত্নে আপনার বই নষ্ট হবে।
৮/ ঘরে বাচ্চা থাকলে নিরাপদ দূরত্বে বই রাখুন। বই ধরতে দিয়ে নিজের বিপদ নিজে ডাকবেন না। বাচ্চার কাজই হলো নষ্ট করা।
৯/ বইতে কলমের কালি শেষ দিকে চলে আসলে দাগাবেন না। কালি ছড়িয়ে পড়বে। মার্কার দিয়ে দাগাইতে পারেন। কোনো সমস্যা নাই।
১০/ মাঝেমধ্যে বইগুলো ধরে চেক করুন, কোনো সমস্যা আছে কিনা ভালোমতো দখুন। এই যেমন কোনো পোকা বা কিছু কাটলো কিনা। এতে আপনার বইয়ের নিরাপত্তা জোরদার হলো।
১১/ যাদের বিশ্বাস করতে পারেন না, বা সন্দেহ হয়! তাদের বই পড়তে ধার দিবেন না। এরা বইতে তরকারির ঝোল, নেইলপালিশ, লিপস্টিক, আতর, বিভিন্ন কিছু ফেলে দিবে। জিগ্যেস করলে হাসি দিয়ে বলবে, মানুষেরই তো ভুল হয়। আপনার এই কষ্ট আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না।
১২/ বইয়ের পড়া যেখানে শেষ হবে, সেখানে কাগজের কাটা টুকরো দিয়ে রাখুন। কখনও পৃষ্ঠার কোণায় ভাজ দিবেন না। পৃষ্ঠার কোণা পরবর্তীতে ছিঁড়ে সরে আসবে। ভালো হয় কিছু বুকমার্ক কিনুন। এখন তো প্রকাশনীগুলো ফ্রী বুকমার্ক দিয়ে থাকে!
১৩/ পানি, চা, কফি বিভিন্ন তরল খাবার থেকে বই নিরাপদ দূরত্বে রাখুন। রান্নাঘরে আগুনের কাছাকাছি বই রাখবেন না। বইয়ের মলাট কুঁচকে যাবে। আগুনে পুড়েও যেতে পারে।
১৪/ বইয়ের ছবি তোলার জন্য ছাদের কিনারায় নিয়ে রাখবেন না। অনেকের বই নীচে পড়ে মলাট পুরোপুরি ছিড়ে গেছে। আবার অনেকে পুকুর পাড়ে, বৃষ্টিতে ছবি তুলতে গিয়ে বইটার চেহারাই পরিবর্তন করে ফেলেছে।
১৫/ ঠাসাঠাসি করে কোথাও বই রাখবেন না। হুট করে একটান দিলেন, এরপর দেখবেন মুডটাই খারাপ হয়ে গেছে। সো আগে থেকেই সাবধান থাকুন ৷


