মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

স্বপ্না রানী সিংহের কবিতা

নববর্ষের আগমনে

তুমি এলেই জমবে মাঠে মেলা
রঙিন পোশাকে, বাহারি সাজে ঘুরব সারাবেলা।
মঙ্গল শোভাযাত্রায় কী যে মজা হবে!
সবাই উঠবে মেতে তোমার বরণ উৎসবে।
বিচিত্র আলপনার ছোঁয়ায় সাজবে আমার দেশ
নানা অনুষ্ঠানে দিনটি কাটবে সবার বেশ।
কোথাও হবে সার্কাস, কোথাও যাত্রাপালা
বাদ যাবে না পুতুল নাচ কিংবা লাঠিখেলা।
আকাশ তলে উড়বে রং বেরং এর ঘুডি
মেয়েদের হাতে শোভা পাবে রেশমি চুড়ি।
নাগরদোলায় চড়ে সবার কী যে মজা হবে!
খোকা-খুকুদের হাতে গ্যাস বেলুন দারুণ শোভা পাবে।
কত শত জিনিসপত্রে সাজবে মেলার মাঠ
হতে পারে সেটা বাঁশ, বেত, মাটি, লোহা কিংবা কাঠ।
পান্তা-ইলিশ, কাঁচা লঙ্কা হরেক রকম ভর্তা
মন্ডা- মিঠাই কত যে খাব কেই বা জানে তা।
দোকানে দোকানে ঘুরে দেখব হালখাতা
বড়দের প্রণাম করে পাব প্রণামি সহ আশীর্বাদ বার্তা।
নববর্ষের প্রীতি সম্ভাষণে অনন্ত প্রাণে জাগবে সারা
“এসো হে বৈশাখ, এসো এসো” গানে মুখরিত হবে ধরা।

লেখক পরিচিতি

স্বপ্না রানী সিংহ
স্বপ্না রানী সিংহ
স্বপ্না রানী সিংহ, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত চরবর্ণী গ্রামে ১৯৮৩ সালের ১৭ ই অক্টোবর জন্মগ্রহণ করেন। সাহিত্যপ্রেমী মা অলকা রানী সিংহ একজন গৃহিনী, বাবা: গোপাল চন্দ্র সিংহ একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ব্যাংক কর্মকর্তা অরূপ কুমার মন্ডলের সহধর্মিনী ৷ শিক্ষাগত যোগ্যতা: এম.এস.সি (পদার্থ বিজ্ঞান), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষক,কর্ণেল এ মালেক সপ্রাবি,মানিকগঞ্জ সদর,মানিকগঞ্জ। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। মানিকগঞ্জ জাদুঘরের আজীবন সদস্য হিসেবে জাদুঘর প্রতিষ্ঠাকল্পে আন্তরিকভাবে কাজ করে চলেছেন। তাঁর লেখা প্রথম উপন্যাস “বেলা শেষে পথের দিশা”প্রকাশিত হচ্ছে ৷ বর্তমান ঠিকানা: মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা