গোধুলির ছন্দ
সন্ধ্যাকাশে মেঘের কোলে
রবি’র বিদায় বেলা,
প্রাণি সকল ফিরছে নীড়ে
ভাঙ্গলো দিনের মেলা ।
গোধুলি বেলার এই সময়ে
বাহারি আলোর ছ’টা,
অপরূপ সেই দৃশ্য যেন
ভালোলাগার কোটি ফোঁটা।
দিবস আলোর হলো ছুটি
স্তব্ধ চারি দিক,
আধার এলো বার্তা নিয়ে
ফেরা গৃহে ঠিক।
চাঁদ মামা যে দিচ্ছে উঁকি
স্নিগ্ধ আলো মেলে,
হাসি দিয়ে রাখবে মেতে
নিশির প্রদীপ জ্বেলে।
হাজার তারা ঝলমলে ঐ
বসেছে যেন মেলা,
দৃশ্যপটে মন ভরে যায়
সৌন্দর্যের অপার খেলা।
দিনের আলো নিয়ে বিদায়
সন্ধ্যা পেরিয়ে রাত,
রাত পেরোলেই আসবে আবার
নতুন এক প্রভাত।


