শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সুশান্ত হালদারের ২টি কবিতা

(১)
খোয়াব
বাঘ কায়দায় মানুষই এখন করে যাচ্ছে শিকার
আসলে ধুরন্ধর মানুষ এখন আর বৃক্ষকে করে না প্রণাম
যতদূর জানি
শকুন সভায় মানুষই এখন ‘ধাউড়’ পদ মর্যাদার
নিজেকে দেখি আর হাসি
বড় অদ্ভুত এ জীবন
দুয়ে দুয়ে চার গুনে যোগফলে পাঁচ লিখি
আসলে
পাথর খিলানে গুঁজে দিয়েছি পীথাগোরাসের হরপ্পা প্রীতি
এখন গোলপাতার খোয়াবে মানুষের চেয়ে চিতাই বেশি দেখি!
(২)
পলাতক
চোখ দেখেই বলে দিলে
আগন্তুক
এখানে হিমবাহে আচ্ছন্ন নদীতট
দ্রাবিড়ের দেশ বলে চিনেছিলে যারে
আজ সে পলাতক
বৈশাখ ঝড়ে ভুলে গেছে চৈত্র তারে
মেঘ যদি করে
ওই আকাশ জুড়ে ভাদ্র মাসে
ডুবে যদি যায় চাঁদ রাহুগ্রাসে,
তবে কি আসবে না পলাতক
বিপ্লবী হাওয়ায় অগ্নিমন্ত্র হয়ে?

লেখক পরিচিতি

সুশান্ত হালদার
সুশান্ত হালদার
সুশান্ত হালদার ১০ জানুয়ারি ১৯৭৪ খ্রীস্টাব্দে মানিকগঞ্জ জেলাধীন হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়নের সুতালড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ মাটি মানুষ আর ঘুণেধরা সমাজের অসঙ্গতিই তার লেখার উপজীব্য বিষয়। তিনি পেশায় একজন সরকারি চাকুরীজীবি। বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ই.পি.আই) পদে কর্মরত আছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা