মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

রথীন পার্থ মণ্ডলের কবিতা

একাকীত্ব

কালো বিড়ালটা বছর শেষের দিনে
বারান্দার ধারে হঠাৎই দেহত্যাগ করল
সেদিন চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলাম
মনে বাসা বাঁধছিল নানারকম দুশ্চিন্তা
আসলে বিড়ালটা মরার পর থেকেই
পোড়া মাংসের ঘ্রাণ প্রতিদিন
প্রতিটি মুহুর্তে নাকে এসে লাগে
তখন সমস্ত ক্ষুধা, তৃষ্ণা
ছেড়ে চলে যায় নিভৃতযাপনে
ঘিরে ধরে একরাশ নিঃস্তব্ধ সকাল
ছেড়ে যায় তখন মরা বিড়াল দেখার
আতঙ্কে নেমে আসা জ্বর এমনকি শূন্যতাও
বিড়ালটা যখন মারা গিয়েছিল
তখন ইচ্ছে হয়েছিল
বিড়ালের মৃতদেহের ওপর দাঁড়িয়ে
যুদ্ধজয়ের পতাকা ওড়াতে
এখন আর কোনো কিছুই ইচ্ছে করে না
চোখ বুজলেই শুধু ভেসে ওঠে
পাথর হয়ে যাওয়া মৃত বিড়ালের ছবি
যে আমাকে অবিরাম ধাক্কা দেয়
রাতের হাতে ঘুমের দেশে যাবার জন্য
তখন এক ঝটকায় উঠে বসে দেখি
রাতের বুকে তারার বিছানায়
আমি তো একাকীত্বের সাথে একাই শুয়ে আছি।।

লেখক পরিচিতি

রথীন পার্থ মণ্ডল
রথীন পার্থ মণ্ডল
রথীন পার্থ মণ্ডলের জন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান শহরের রাধানগর পাড়ায়, ২১ শে জুলাই, ১৯৯১ সালে। মায়ের অনুপ্রেরণায় সাহিত্য জগতে পদার্পণ করেন। প্রথম লেখা প্রকাশিত হয় বর্ধমান জাগরণী পত্রিকায়। তারপর থেকে লেখার যাত্রা বহমান। লেখকের গ্রন্থগুলি হল:- প্রেমসুধা (২০২০), এক ডজন অণুগল্প (২০২৪), অভিমানী চিরকুটের খোঁজে (২০২৫), স্মরণপাখির আঁচলডানা(২০২৬)।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা