শ্বেত পদ্ম
সীমাহীন নীল আকাশ
বর্ণিল সৌন্দর্যকে পাঠ করছে শারদীয় সকাল।
ধুপ ধোয়া, অগ্নিযজ্ঞ অঞ্জলির ওই পদতলে;
শ্বেত পদ্মের উপর চুইয়ে পড়ছে রক্ত চন্দন।
অলৌকিক জ্যোতিপুঞ্জ মাখা
দেবীর কমলা কোয়া ঠোঁটের,
চিরল হাসিতে প্রতিধ্বনিত হয় শঙ্খের সুর…।
প্রাপ্তির আলোয় জ্বল জ্বল করা প্রদীপকে
সাক্ষী রেখে প্রার্থনায় নতজানু সময়ে… ।
অপার্থিব প্রেম অর্ঘের পবিত্র নন্দিত চন্ডী পাঠে
ভেসে আসে জয়ের ধ্বনি
জেগে উঠে জীবন।
নবতর প্রত্যাশার স্বপ্নরঙা
দু’টি হাত উজার অর্পণে,
ভক্তিই মুক্তির পথ ভেবে
ধ্যানস্থ হই কবিতার মন্দিরে।


