বিজয় গাঁথা
বিজয় তুমি শোকার্ত পিতার কান্না ভেজা চোখ,
বিজয় তুমি লক্ষ মায়ের আঁচল ভরা শোক !
বিজয় তুমি বোনের বুকের চাপা দীর্ঘশ্বাস,
বিজয় তুমি নববধূর অপেক্ষার নয় মাস।
বিজয় তুমি স্বাধীনতার কাব্য, গল্প, কথা,
বিজয় তুমি নব সৃষ্টির উল্লাসে গাঁথা !
বিজয় তুমি ঝরাপাতার দিন শেষে জেগে উঠা বসন্ত ৷ বিজয় তুমি শিশিরে মাখা শিউলি ফোঁটা হেমন্ত।
বিজয় তুমি ৭১ এর পান্ডুলিপির ফসল,
বিজয় তুমি মুক্তি যোদ্ধার যুদ্ধ জয়ের কৌশল।
বিজয় তুমি বাংলা জয়ের দীপ্ত স্লোগান,
বিজয় তুমি শিশির স্নাত পৌষ ও অঘ্রাণ।
বিজয় তুমি কুঞ্জবনে প্রজাপতির খেলা,
বিজয় তুমি লাল ফিতে আর চুড়ি মালার মেলা।
বিজয় তুমি শোকে ভরা লাশের বুকের হুতাশ,
বিজয় তুমি স্বাধীন বাংলার এক রক্তাক্ত ইতিহাস।


