শৈশব বরষা
তখন বয়স কম, মনে আছে সেই ছবি
বরষার শান্ত দিন- আকাশে কনক রবি ৷
কখনো মেঘের খেলা,বাদল পড়তো ঝরে
কখনো ভিজেছি তাতে, কখনো থেকেছি ঘরে ৷
ঘাটে ঘাটে ছিল তরী সেই সব গেল কই ?
এখনো বর্ষা আসে, জল করে থই থই ৷
শাপলার শুভ্র হাসি তেমন দেখি না আর
শুনিনা কোড়ার ডাক টুব্ টুব্ অনিবার ৷
বিকেলে বিশাল নায়ে বাড়িতে আসত ধান
নেই সেই বাইচের নাও,নেই সেই সারিগান ৷
নেই নেই অতীতের অপার মধুর সুখ
মনে হলে সেই স্মৃতি হু হু করে ওঠে বুক ৷


