আমার বৈশাখ
বৈশাখকে বরণের প্রস্তুতি চলছে এখানে ওখানে
মঙ্গল শোভাযাত্রা বের হবে, সাজ সাজ রব
রমনার বটমূলসহ সর্বত্র বিচিত্র বর্ণিল আয়োজন
আমি হয়তো যাবো না কোথাও, কোনো অনুষ্ঠানে
থাকবো আপন গৃহে আপনার মতো
ঢেকে রাখবো ভুলে থাকবো অপ্রাপ্তির যন্ত্রণার ক্ষত।
বিত্ত বেসাতহীন দৈন্যক্লিষ্ট যে জীবন
সহস্র সঙ্কটে মোড়া আলোহীন যে জীবন
সুদিনের নিরন্তর প্রতীক্ষাকাতর যে জীবন
সকাল-সন্ধ্যা যার প্রতিকূল সারাক্ষণ
উৎসবের কল্পনাও সেখানে কষ্টকর বড়ো
সেখানে প্রবেশ নিষেধ উৎসবের ঢেউ।
রাজমাছ ইলিশের ঘ্রাণ নিতে
আমি আজ ব্যস্ত নই মোটে
তবে আমিও খাবো পান্তা যথারীতি
কাঁচা লংকা পেয়াজের সাথে
তাতে যদি বাঙালিয়ানা ঘাটতি পড়ে,পড়ুক
আমার দুঃখ নেই একরত্তিও।
তোমরা স্বীকৃতি দাও আর নাই দাও
আমি জানি,আমি এক অনার্য বাঙালি
তোমাদের সাথে মিশুক আর না মিশুক
আমিও বৈশাখকে করবো বরণ
আমিও কণ্ঠ খুলে মন্দ্রস্বরে স্বাগত জানাবো:
‘এসোহে বৈশাখ, এসো এসো। ‘


