শনিবার, মে ১৬, ২০২৬

বিনয় কর্মকারের ২টি কবিতা

[০১]
সতর্ক সংকেত 
কালনাগ ঝাপিতে বন্দি করে, ফেলছো কি স্বস্তির নিঃশ্বাস?
খাঁচার আগল খোলা পেয়ে উড়ে যায় কত পাখি–
মৃত ভেবে আটচল্লিশটা জীবন্ত লাশ পকেটে পুরে যে দিব্যি ঘোরা,
দেখেছো কি; দুইধারে তার পিচকালো পথ?
শুধু একজন জেগে উঠলেও স্কেটিংয়ে ঘটে যেতে পারে দুর্ধর্ষ দাবানল–
কফিনে যতই লিখা থাক ‘নিরাপদ দিয়াশলাই’।
[০২]
দৃষ্টিভঙ্গি
দৃষ্টিভঙ্গির তারতম্যে বদলে যেতে পারে সিক্স আর নাইন।
উন্মোচিত শরীরের ভাঁজেও লুকিয়ে থাকে অনেক জ্যামিতি।
হীরা আর কাচের মাঝখানে যে নদী, সে-কেবল জহুরি-ই পেরিয়ে যায়।
সব অভিধানেই থাকে শব্দের সমুদ্র,
পাঠে কি-আর সকলেই হয়ে ওঠে  কাব্যের নাবিক?

লেখক পরিচিতি

বিনয় কর্মকার
বিনয় কর্মকার
মানিকগঞ্জ জেলার পদ্মানদীর পাড়ঘেঁষা হরিরামপুর উপজেলার এক শান্ত ছায়ানিবিড় এক গ্রাম যাত্রাপুর, সে-গ্রামেই ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন কবি বিনয় কর্মকার।  শৈশব থেকেই স্রোতের বিপরীতে লড়াই করে বেড়ে ওঠা এক সংগ্রামী জীবনের বাহক হয়ে কবি প্রতিক্ষণ মিশেছেন প্রকৃতির সাথে, মানুষের সাথে। জীবনের ছোট-বড় নানারকম সঙ্গতি-অসঙ্গতি অনুভব করেছেন প্রাণের গভীর থেকে। কবির শিক্ষা বলতে প্রকৃতি, মানুষ ও জীবন পাঠ। জীবনবোধে ঋদ্ধকবি বিনয় কর্মকার লিখে চলেছেন শৈশব থেকেই।  কবির প্রকাশিত কবিতা গ্রন্থ : সুবর্ণ বন্দর (২০১৭), পরগাছা বা রোদসকাল (২০১৮), চেনা কোনো সংকেত নেই (২০২১) এছাড়াও গীতিকাব্য, অণুগল্প, ছোটো গল্প, রম্যরচনা নিয়মিত লিখে চলেছেন...

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা