শনিবার, মে ১৬, ২০২৬

তাপস ঠাকুরের কবিতা

অচেনা গ্রহ

যাকে ভেবেছি সভ্যতা,
কেন তার বিন্দুতে বিন্দুতে
মানুষের রক্তের দাগ ?
যাকে বলছি বিশ্বায়ন,
কেন তার চোখ ভরা লোভ ?
বাজার দখলের হিংস্র থাবায়
কেন প্রতিটি জাতি বিপন্ন প্রায়!
পশু আর হিংস্র জানোয়ার থেকে রক্ষা পেতে,
যাকে অস্ত্র বলেছি,
সে কেন শিশুদের চোখ উপরে নেয় ?
সে কেন ধ্বংস লীলায় মাতোয়ারা সারাক্ষণ!
যাকে নেতা বলেছি,
সে কেন পাইক পেয়াদার মত,
আমার উঠানে ঢোলে বারি দেয় ?
যাকে বিজ্ঞান বলেছি,
সে কেন অজ্ঞানের মত ভয়ানক হয় ?
যাকে ডাক্তার কিংবা উকিল বলেছি,
সে কেন ডাকাতের মত,
নিঃস্বকে আরো নিঃস্ব করে দেয় ?
এ কেমন বিশ্বাসঘাতকতা !
নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা,
এ কী বরবতা নয় ?
এ কী হিংস্রতা নয় ?

এই সবুজ গ্রহটিকে,
প্রতিটি মুহূর্তে দুষিত- অচেনা মনে হয় এখন ।
এখানে প্রতিটি জীবন এখন অনিশ্চিত ।
এ গ্রহ বাসযোগ্য নয় আর ।
এসো প্রত্যয়ী হই
এক নতুন পৃথিবী গড়ার,
যেখানে লোভ-হিংসা,
অথবা কোনরূপ কোন বিদ্বেষ নেই।
বর্ণভেদ কিংবা- নেই কোন শ্রেণী সংগ্রাম ।
ঠিক আমার স্বপ্নের কবিতার মত ।
সমতা ও শান্তির পবিত্র বিশ্বাস নিয়ে,

একদিন লক্ষ লক্ষ আলোক বর্ষ পথ পেরিয়ে,
উড়ে যাব –চলে যাব,
সেই গ্রহে-সেই স্বপ্নে ।

লেখক পরিচিতি

তাপস ঠাকুর
তাপস ঠাকুর
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে ঠাকুর পরিবারে ১৯৮৬ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে অনার্স ও ফলিত ভাষা বিজ্ঞানে (মাষ্টার্স) ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সালে ছায়ানটের নালন্দা বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে তিনি প্রথম কর্ম জীবন শুরু করেন। বর্তমানে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সহকারী ব্যবস্থাপক ( আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ) হিসেবে কর্মরত আছেন। ছাত্র জীবন থেকেই লেখালেখি করতে ভালোবাসেন, এখনো করে যাচ্ছেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা