বাংলাদেশের স্বাধীনতা নামক মহাকাব্যের মহাকবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৷ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আলাদা কোন শব্দ নয় ৷ বঙ্গবন্ধুর মাঝেই বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিহিত ৷ ৫২ এর ভাষা আন্দোলন থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ এবং একটি জাতির উন্মেষ এটি সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর কারনেই ৷
সারা বিশ্বের কাছে তিনি ছিলেন রাজনীতির কবি বা পোয়েট অব পলিটিক্স ৷ যারা সেসময়ে এই নেতাকে কাছ বা দূর থেকে দেখেছেন তারা বলেছেন-“এই নেতার অবদান ও তাঁর রাজনৈতিক জীবন পরিপূর্ণভাবে জানা আজও সম্ভব হয়নি ৷” তাঁর সহযোদ্ধা কান্ডারীরা বলছেন-“তাঁর মত বিচক্ষণ,দয়ালু নেতা বিশ্বে আর আসেননি ৷” তিনি বাংলাদেশের প্রাণভোমরা, মুক্তির দূত কিংবা জাতির পিতা ৷ যেভাবেই অভিহিত করা হোক বঙ্গবন্ধুর জন্য কোন উপমাই সঠিক মনে হয় না ৷
বঙ্গবন্ধু বাংলার ইতিহাসে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা ৷ ১৯৭১ সালে যাঁর ডাকে লাখো মানুষ সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে করেছিল স্বাধীন ৷ আজও লাখো মানুষ মুজিবের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৷ বিবিসির জরিপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ৷ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীকে শাহাদৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো সাহিত্য শিল্প সংস্কৃতি বিষয়ক ওয়েবম্যাগ পলিমাটি (www.palimati.com) এর আগস্ট সংখ্যা ৷
পলিমাটি সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই ৷


