শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

সম্পাদকীয়

চার পেরিয়ে পাঁচে: অব্যাহত থাকুক সাহিত্যের পলি সঞ্চয়

​দেখতে দেখতে অনলাইনের দুনিয়ায় চার বছর পূর্ণ করল ‘পলিমাটি’। গত ২ জুলাই আমাদের এই সাহিত্যের ছোট্ট ডিঙিটি জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে পঞ্চম বর্ষে পা রাখল। চার বছরের এই যাত্রা খুব মসৃণ ছিল, তা বলব না। তবে প্রতিকূলতার মাঝেও শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিকশিত করার যে স্বপ্ন নিয়ে www.palimati.com পথচলা শুরু করেছিল, তা আজও স্তব্ধ হয়নি—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।

​সূচনালগ্ন থেকেই ‘পলিমাটি’র মূল উদ্দেশ্য ছিল পাঠককুলের হাতে সুন্দর, রুচিশীল এবং মানসম্মত সাহিত্য তুলে ধরা। সেই লক্ষ্যেই প্রতিটি সংখ্যার লেখা বাছাই করার ক্ষেত্রে আমাদের সম্পাদনা পরিষদ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। এই পথচলায় ‘পলিমাটি’র বড় একটি শক্তি ছিল তরুণ ও নতুন লেখকেরা। প্রবীণদের ছায়াতলে নতুনদের নতুন ভাবনা ও নতুন কলমকে সুযোগ দেওয়ার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

​ক্যাটাগরি বা বিষয়ভিত্তিক বৈচিত্র্য রাখতে গিয়ে অনেক সময় চাহিদামতো লেখার অপ্রতুলতা যেমন ছিল, তেমনই ওয়েবসাইট সম্পর্কিত নানা যান্ত্রিক জটিলতার বিড়ম্বনাও পোহাতে হয়েছে বারবার। নিয়মিত সংখ্যা প্রকাশের ক্ষেত্রে যা একাধিকবার বাঁধ সেধেছে। তবে সমস্ত সীমাবদ্ধতাকে পেছনে ফেলে কেবল সাহিত্যপ্রীতি ও আপনাদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা প্রতিটি সংখ্যা প্রকাশের আন্তরিক চেষ্টা চালিয়ে গিয়েছি।

​একটি সাহিত্য সাময়িকীর প্রাণ তার লেখক ও পাঠকেরা। ‘পলিমাটি’কে আরও সুন্দর, সমৃদ্ধ ও পরিশীলিত রূপ দিতে আমরা সর্বদা আপনাদের গঠনমূলক সমালোচনা, মতামত ও পরামর্শ প্রত্যাশা করি।

​‘পলিমাটি’র এই চার বছরের যাত্রায় যারা লেখা দিয়ে, পড়ে এবং বিভিন্নভাবে পাশে থেকেছেন—সেই সমস্ত সম্মানিত লেখক, প্রিয় পাঠক এবং শুভানুধ্যায়ীদের প্রতি প্রকাশ করছি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অমলিন কৃতজ্ঞতা। পলিমাটি যেমন পললভূমির উর্বরতায় চারপাশকে সবুজ করে তোলে, আমাদের এই ‘পলিমাটি’ও যেন সাহিত্যপ্রেমীদের ভালোবাসায় সিঞ্চিত হয়ে ক্রমাগত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে—পঞ্চম বর্ষের সূচনায় এটাই আমাদের বিনীত প্রত্যাশা।

​সবাই ভালো থাকুন, সাহিত্যের সঙ্গেই থাকুন।

​সম্পাদক

www.palimati.com

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা