মজার দেশ
এক যে আছে মজার দেশ,
সব রকমে ভাল,
রাত্তিরেতে বেজায় রোদ,
দিনে চাঁদের আলো!
আকাশ সেথা সবুজ বরন,
গাছের পাতা নীল;
ডাঙায় চরে রুই কাতলা
জলের মাঝে চিল!
মণ্ডা মিঠাই তেতো সেথা
ওষুধ লাগে ভাল—
অন্ধকারটা সাদা দেখায়,
সাদা জিনিস কাল!
ছেলেরা সব খেলা ফেলে
বই নে বসে পড়ে;
মুখে লাগাম দিয়ে ঘোড়া
লোকের পিঠে চড়ে!
পায়ে ছাতি দিয়ে লোকে
হাতে হেঁটে চলে,
ডাঙায় ভাসে নৌকা জাহাজ,
গাড়ি ছোটে জলে!


