শনিবার, মে ১৬, ২০২৬

অরণ্য মজিদের কবিতা

হে মহান নেতা শেখ মুজিব

হে মহান নেতা
তুমি যেন সেই
হ্যামিলিয়নের বংশীবাদক।
তোমার কন্ঠের বজ্রনিনাদ শুনলেই
আলোড়িত আত্মায়
তোমার অনুসারী হতে ইচ্ছে হয়।
আর ঘর ছেড়ে
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মিছিলে
উত্তপ্ত করতে ইচ্ছে হয় রাজপথ।
তোমার ৭ই মার্চের প্রতিটা
বর্ণে বর্ণে উন্মোচিত হয়
আত্মসম্মোহনী,
যা শুনলেই ভীতু কাপুরুষ
অগচরে হাতে তুলে নেয় বন্দুক।
মা এবং প্রেমিকা স্বাধীনতার জন্য বলি দেয়
সন্তান ও প্রিয় গোলাপ।
হে মহান নেতা
পৃথিবীর যেকোনো যুদ্ধ জয়ের জন্য
তোমার ৭ই মার্চের ভাষণ
পৃথিবীর শ্রেষ্ঠ হাতিয়ার।
যা শুনলেই
খাড়া হয় শরীরের ঘুমন্ত লোম
সমস্ত অনুভূতি হয় মৃত্যুমুখী।
শত্রু শত্রু খেলায় প্রদীপ্ত পৌরুষে
প্রতিটা যোদ্ধা শুরু করে
মহাকালীর রাক্ষস নিধন।
হে মহান পিতা,
১৫ই আগস্টের মৃত্যু
তোমাকে মৃত্যু দিতে পারেনি।
এটা ছিল তোমার মহা বিসর্জন
যা সমস্ত সময়ের উপর
তোমাকে করেছে চির বিজয়ী।
হে মহান পিতা,
ক্রুশবিদ্ধ যিশুর মতোই মৃত্যুর মধ্য দিয়ে
জাতির পাপ কাঁধে নিয়ে চলে যাওয়া সেই তুমি
কবেই হয়ে গেছ ত্রানকর্তা বাঙালির।
আমরা ভুলিনি তোমায়
ভুলবোনা কোনোদিন।
ভালবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়
আবহকাল ধরে এই বাংলায়
বাঙালির নিমগ্ন চেতনার মন্দিরে
চলতে থাকবে তোমারই পূজার্চন।

লেখক পরিচিতি

অরন্য মজিদ
অরন্য মজিদ
অরন্য মজিদ কুষ্টিয়ার কবি ও শিক্ষক ৷ বহুমুখী প্রতিভাধর এই লেখক নিয়মিত সাহিত্যচর্চা করে চলেছেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা