বাংলা কথাসাহিত্যের এক প্রবাদপ্রতিম নক্ষত্রের নাম সৈয়দ ওয়ালীউল্লাহ। আগামী সোমবার (১৫ আগস্ট) জন্মের ১০০ বছর হবে তাঁর। ‘লালসালু’ উপন্যাসের জন্য খ্যাতি পেলেও তাঁর অন্যান্য রচনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক-উন্মোচনকারী। উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ
সর্বক্ষেত্রেই তিনি বিশিষ্টতার দাবিদার। তাঁর ‘কাঁদো নদী কাঁদো’ নদীর রূপকে ভূখণ্ডের অব্যক্ত কান্নার ভাষারূপ। ইংরেজি উপন্যাস ‘আগলি এশিয়ান্স’ সাম্রাজ্যবাদ-কবলিত সময়ে এক বিপন্ন জনপদের গল্প। তাঁর ‘একটি তুলসী গাছের কাহিনী’র মতো গল্প সমগ্র বাংলা সাহিত্যেই বিরল।
বাংলা কথাসাহিত্যে তিনি নতুন পথ দেখিয়েছেন, বিষয়, কাঠামো ও ভাষা-ভঙ্গিতে নতুন এক ঘরানার কে জন্ম দিয়েছেন, গড়ে তুলেছেন স্বতন্ত্র এক সাহিত্যজগৎ। তাঁর লেখায় উঠে আসে সমাজের অসংগতি, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও সাধারণ মানুষের অধিকারের কথা। এ জন্য তিনি একজন সমাজ সংস্কারক ও দার্শনিকও বটে।


