চার পেরিয়ে পাঁচে: অব্যাহত থাকুক সাহিত্যের পলি সঞ্চয়
দেখতে দেখতে অনলাইনের দুনিয়ায় চার বছর পূর্ণ করল ‘পলিমাটি’। গত ২ জুলাই আমাদের এই সাহিত্যের ছোট্ট ডিঙিটি জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে পঞ্চম বর্ষে পা রাখল। চার বছরের এই যাত্রা খুব মসৃণ ছিল, তা বলব না। তবে প্রতিকূলতার মাঝেও শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিকশিত করার যে স্বপ্ন নিয়ে www.palimati.com পথচলা শুরু করেছিল, তা আজও স্তব্ধ হয়নি—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।
সূচনালগ্ন থেকেই ‘পলিমাটি’র মূল উদ্দেশ্য ছিল পাঠককুলের হাতে সুন্দর, রুচিশীল এবং মানসম্মত সাহিত্য তুলে ধরা। সেই লক্ষ্যেই প্রতিটি সংখ্যার লেখা বাছাই করার ক্ষেত্রে আমাদের সম্পাদনা পরিষদ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। এই পথচলায় ‘পলিমাটি’র বড় একটি শক্তি ছিল তরুণ ও নতুন লেখকেরা। প্রবীণদের ছায়াতলে নতুনদের নতুন ভাবনা ও নতুন কলমকে সুযোগ দেওয়ার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
ক্যাটাগরি বা বিষয়ভিত্তিক বৈচিত্র্য রাখতে গিয়ে অনেক সময় চাহিদামতো লেখার অপ্রতুলতা যেমন ছিল, তেমনই ওয়েবসাইট সম্পর্কিত নানা যান্ত্রিক জটিলতার বিড়ম্বনাও পোহাতে হয়েছে বারবার। নিয়মিত সংখ্যা প্রকাশের ক্ষেত্রে যা একাধিকবার বাঁধ সেধেছে। তবে সমস্ত সীমাবদ্ধতাকে পেছনে ফেলে কেবল সাহিত্যপ্রীতি ও আপনাদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা প্রতিটি সংখ্যা প্রকাশের আন্তরিক চেষ্টা চালিয়ে গিয়েছি।
একটি সাহিত্য সাময়িকীর প্রাণ তার লেখক ও পাঠকেরা। ‘পলিমাটি’কে আরও সুন্দর, সমৃদ্ধ ও পরিশীলিত রূপ দিতে আমরা সর্বদা আপনাদের গঠনমূলক সমালোচনা, মতামত ও পরামর্শ প্রত্যাশা করি।
‘পলিমাটি’র এই চার বছরের যাত্রায় যারা লেখা দিয়ে, পড়ে এবং বিভিন্নভাবে পাশে থেকেছেন—সেই সমস্ত সম্মানিত লেখক, প্রিয় পাঠক এবং শুভানুধ্যায়ীদের প্রতি প্রকাশ করছি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অমলিন কৃতজ্ঞতা। পলিমাটি যেমন পললভূমির উর্বরতায় চারপাশকে সবুজ করে তোলে, আমাদের এই ‘পলিমাটি’ও যেন সাহিত্যপ্রেমীদের ভালোবাসায় সিঞ্চিত হয়ে ক্রমাগত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে—পঞ্চম বর্ষের সূচনায় এটাই আমাদের বিনীত প্রত্যাশা।
সবাই ভালো থাকুন, সাহিত্যের সঙ্গেই থাকুন।
সম্পাদক
www.palimati.com


