পারিব না
‘পারিব না’ এ কথাটি বলিও না আর,
কেন পরিবে না তাহা ভাব একবার।
পাঁচ জনে পারে যাহা
তুমিও পারিবে তাহা,
পার কি না পার, কর পরখ তাহার,
একবার না পারিলে দেখ শতবার।
‘পারিব না’ বলে মুখ করিও না ভার,
ও কথাটি মুখে যেন শুনি না তোমার।
অলস অবোধ যারা
কিছুই পারে না তারা,
তোমারে তো দেখি নাকো তাদের আকার
তবে কেন ‘পারিব না’ বল বার বার?
জলে না নামিলে কেহ শিখে না সাঁতার,
হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়।
সাঁতার শিখিতে হলে
আগে তবে নাম জলে,
আছাড়ে করিয়া হেলা হাঁট বার বার,
‘পারিব’ বলিয়া সুখে হও আগুসার।


