ছুটছে সময়
দিনের পরে রাত আসে
রাতের পরে দিন
জীবন নামের রেলগাড়িটা
থামবে কোন একদিন।
বাড়ি গাড়ি টাকা পয়সা
সব থাকবে পরে
কাছের মানুষ যত ছিল
সবাই যাবে দূরে।
অহংকারের বেড়া দিয়ে
নিজেকে করলাম বন্দি
সময় থাকতে ভুলে গেলাম
মানুষের সাথে সন্ধি।
নিজের দোষ ধরার আগে
অন্যের দোষ খুঁজি
সময় গেল মিথ্যে কাজে
বুঝেও না বুঝি।
এই পৃথিবী মায়ায় ভরা
করলাম কত ভুল
বুঝতে গিয়ে সন্ধ্যে হলো
ভেঙ্গে গেল কূল।
অজানা এক ছায়ার পিছে
ছুটে হলাম সারা
পেছন পানে মৃত্যু এসে
দেবে হঠাৎ তাড়া।
এই দুনিয়ার আজব রীতি
জন্ম মৃত্যুর খেলা
নানা রকম কাজের ভীড়ে
ফুরিয়ে যাবে বেলা।


