মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পারিজাত দেবনাথের কবিতা

হেমন্তের হাওয়া 

ধানের মাঠে ঝিকিমিকি সোনার আলো খেলে,
চাষার মুখে হাসি ফোটে, দিনটা যায় চলে।
হালকা রোদে নরম হাওয়া, গন্ধে মাতে গ্রাম,
ধান কাটার গান বাজে দূর, মুগ্ধ চারিধাম।

পলাশ গাছে লাল আলোর ঝলক আসে ভেসে,
পিঠে ধোঁয়া, চুলার পাশে মিষ্টি গন্ধে দেশে।
গ্রামের উঠোন, ধানের গাদা, রোদে মিশে যায়,
মায়ের মুখে খেজুররসের সকাল ফিরে চায়।

কাশবনে হাওয়ার দোলা, নদী টলমল করে,
গোধূলিতে বাঁশির সুরে মনটা ভেসে পড়ে।
ঝরা পাতায় হেমন্ত আসে, নরম রঙের ছোঁয়ায়,
সোনার গন্ধে ভরে ওঠে জনপদের দোয়ায়।

এ যেন শান্তির ঋতু, শ্রমে ভরা গান,
মাটির গন্ধে গাঁয়ের মানুষ খুঁজে নেয় প্রাণ।
ধানের খড়ে, খেজুররসে, ভোরের শিশির হেসে—
হেমন্ত আসে বাংলার বুকে, সুখের রঙে মেশে।

লেখক পরিচিতি

পারিজাত দেবনাথ
পারিজাত দেবনাথ
জন্ম মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় ৷ সেখানেই বেড়ে ওঠা ৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ৷ পড়তে ভালোবাসেন ৷ নিতান্ত শখ করেই লেখালেখি করেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা