ছুটি
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।
কি করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন্ মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি।
কেয়া পাতার নৌকা গড়ে
সাজিয়ে দেব ফুলে,
তালদীঘিতে ভাসিয়ে দেব
চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেণু
চড়াব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি।
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।


