মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পারিজাত দেবনাথ সুমার কবিতা

জুঁইফুলের উপপাদ্য

তোমার হাতের তালুতে আজ
জন্ম নিয়েছে জুঁইয়ের রাজবংশ,
সাদা গন্ধে গলে যায় অলৌকিকতার সংজ্ঞা।
আমি চুপ করে দেখি—
যেন নৈঃশব্দ্যই সবচেয়ে বেশি কথা বলে।

তুমি বলোনি ভালোবাসো,
তবে জুঁইরা বুঝেছে—
তোমার আঙুলের লতায় তারা জড়িয়েছে                     প্রতীক্ষার গন্ধ।

আমি এক ক্লান্ত কাব্যগ্রন্থ,
যার পৃষ্ঠায় পৃষ্ঠায় জমেছে
তোমার নিঃশব্দ উপস্থিতির ধুলো।

তুমি কি জানো,
এই ফুলগুলো নাও জলে ভাসালে,
তারা পৌঁছে যাবে আমার স্বপ্নের নগরে?
সেখানে প্রতিটি সাদা পাপড়ি
রচনা করবে আমাদের অসমাপ্ত গল্প।

তুমি, আমি, আর কিছু জুঁইফুল—
এই তো আমাদের দুনিয়া,
যেখানে ভালোবাসা মানে
একটি হাতের তালুতে নির্ভার হওয়া।

লেখক পরিচিতি

পারিজাত দেবনাথ
পারিজাত দেবনাথ
জন্ম মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় ৷ সেখানেই বেড়ে ওঠা ৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ৷ পড়তে ভালোবাসেন ৷ নিতান্ত শখ করেই লেখালেখি করেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা