ক্ষমা করো মা
কলুষিত সমাজ, নষ্টের হাতে
ক্ষত-বিক্ষত ওর দেহ,
এ যেন এক বিভীষিকাময় ধরা
কষ্ট কি আর বুঝেছে কেহ ?
ছোট সে বয়স, ছিলো যে কত
রঙ্গীন স্বপ্নের হাতছানি,
নরপিশাচ গুলো এক নিমিষেই
জীবনের করলো হানি।
নিষ্পাপ মনের ছোট মানুষটি
কষ্ট-যন্ত্রণায় লড়ে কভু,
পৃথিবী ছেড়ে নিলো সে বিদায়
কি দোষ ছিলো- বলো প্রভু ?
দোষটি শুধুই জেনে নেবো তবে
মেয়ে হয়ে জনমে ?
নরপিশাচের লোলুপ থাবায়
ধর্ষিত হয় নারী ক্ষণে ক্ষণে।
কেমন এ দেশ, কেমন সমাজ
কন্যার নেই নিরাপত্তা,
ধিক রইলো এহেন স্বাধীনতা
অপমানিত জাতিসত্ত্বা।
স্পষ্টত যেথায় অপরাধী সেই
বিচারে কেন কালক্ষেপন (!)
দ্রুত কেন পিশাচের হবেনা দন্ড
আইন চাই সংশোধন।
মা-গো তোমার কাছে সবে
চাই করজোড়ে ক্ষমা,
এ সমাজ ব্যর্থ নিরাপত্তা দিতে
কত ঘটনা হচ্ছে যে জমা।
আছিয়া- সে যে ফিরবে না কভু
দূর আকাশে হয়ে আজ তারা,
ঘাতকের কঠোর শাস্তি দাবী করি
কোনো মা যেন না হয়- সন্তান হারা।


