অলীক
মাকে দেখলে এখন অসহায় মনে হয়
অথচ এই মা-ই একদিন
মুড়িভাজা হাতে তুলে আনতো সকাল থেকে সন্ধ্যা
বাবা বলতেন
সূর্য ডুবে গেলে ঢেউগুলো বিচিত্র মনে হয়
তখন বুঝিনি
থৈথৈ জলে প্রলেতারিয়েত জোছনার ডিগবাজি
বাবা চলে গেলে এখন নিজেই বাবার প্রতিবিম্ব দেখি
দেখি
ঘন জোছনার মশারী টানিয়ে আমিও ভুলের নামতা গুনছি
আর নিরর্থক জীবনের
অপচয় ভাবনায় অলীক স্বর্গ গড়ে তুলছি!


