আমি সে দলের নই
আমি চির চঞ্চল চলমান
অবস্থানে কিংবা অস্তিত্বে
আমি কখনও স্থির হয়ে থাকিনা ,
এগিয়ে চলেছে যে মানব সভ্যতা
আমি একাধারে তার উত্তরসুরী ও কান্ডারী ৷
এগিয়ে চলা মানব সভ্যতায় আমার জন্ম
তাই নিজেকে ভেঙে আবার
গড়ে নেয়াই আমার প্রত্যয় ,
অনাদি থেকে আজ পর্যন্ত …
মহাকালে যে অসীম পথের বিস্তার ৷
আমি তারই পথিক
যখন পেছনে ছিলাম মন প্রাণ বলেছে এগিয়ে চল ,
তাই আজ এসেছি এখানে
মন আরো তাগিদ দিচ্ছে যেতে হবে অনেক দুর ৷
হোক সেটা অন্ধকারে ঢাকা পথ
হোক নতুন কোন দেশে নতুন কোনখানে ,
তাই নিজেকে বদলে নিয়েছি
এই বাইরের আমি প্রতিনিয়ত আবিষ্কার করি
ভেতরের আমিকে নতুন রুপে নতুন নামে ৷
নিজেকে গড়বো বলে সেখানে অবিরাম
ভাঙনের খেলা চলে …
যারা বদলায়না বদলাতে যানে না তারা স্থবির ,
তারা মৃত্যুর জন্য অপেক্ষা করে বেঁচে থাকে
আমি সে দলের নই
বধ্য জলাশয় হয়ে বেঁচে থাকা
আমার জীবনের লক্ষ্য নয় ৷
আমি হতে চাই বহতা নদী
প্রয়োজনে মৃত্যুর মিছিলে আমি যোদ্ধা হতে চাই ,
হতে চাই আলোর প্রদীপ …
যে প্রদীপ আমৃত্যু যুদ্ধ করে আধারের বিরুদ্ধে ৷


