একুশ মানে
একুশ হলো সব মানুষের প্রাণের ছোঁয়া
হৃদয় জুড়ানো এক শীতল ছায়া।
একুশ হলো সকালের পাখির কিচিরমিচির
খালি পায়ে ভিজিয়ে দেয়া শিশির ।
একুশ হলো শীতের পরে হেটে আসা ফাগুন
তাইতো ফুলে ফুলে জ্বালিয়ে দেয় আগুন।
একুশ হলো নদীর বুকে বয়ে চলা জল
গাঁয়ের বধুর মাটিতে পড়ে যাওয়া আঁচল ।
একুশ হলো শিশুর মুখে মিষ্টি হাসি
দুপুর বেলা বটের তলায় রাখালের বাঁশি ।
একুশ হলো আগামী দিনে বাঁচার আহ্বান
বিশ্বের বুকে বাংলা ভাষার সম্মান।
একুশ হলো তপ্ত রোদে এক আকাশ বৃষ্টি
অজানার মাঝে জানতে পারা নতুন সৃষ্টি ।


