শনিবার, মে ১৬, ২০২৬

পংকজ পালের কবিতা

দূর হতে তোমায় দেখবো

তোমায় ঘিরেই লিখেছি কবিতা
এঁকেছি সুখ আল্পনা ,
দিক হারিয়েছি বারবার মায়াবী সৌন্দর্যে !
ওই রামধনু তোমার রঙ্গে রঙ্গিন
তোমায় ঘিরে আবর্তিত আমার কাল চক্র ৷

যদি যাবে তবে কেন এসেছিলে ?

নিঃসঙ্গ অসহায় মনে হয় খুব
কিসের যেন অভাব—
পৃথিবীটা ভিন্ন লাগে ;
আসলে আমার কেউ নেই
একা আমি ছাড়া !

আজকাল কিছুই ভালো লাগে না
হলুদ রঙের বিকেলটার মূল্য নেই
রামধনুর রঙে মন রাঙে না ;
পাখির নীড়ে ফেরা বা বালিহাঁস
সন্ধ্যার মঙ্গল শঙ্খধ্বনি
কিছুতেই মনটা আটকে না ৷

মনটা বদলে গেছে—
সকালের শিশির বিন্দু মুগ্ধ করে না ,
ফুলে ফুলে প্রজাপতি ওড়াওড়ি
হাসনাহেনার সুরভিত ঘ্রাণ
চাঁদ মামার হাসিটাও টানে না ৷

পদ্য গদ্য সব ছন্দহীন—
হৃদয়ের বাগানটা শূন্য
ফুলগুলো সব ঝরে গেছে ৷

সমুদ্র ঢেউ আন্দোলিত করে না
দুঃখের চোরাবালিতে হাবুডুবু মন ৷
আমার আকাশ কালো মেঘে ভরে গেছে
ক্ষরিত হৃদয়েই চোখের জল
বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে !

অজানা নিয়তি খেলায় এবার হারলেও
এ জন্মের সব ব্যবধান
আর ভুলগুলোও শুধরে নেবো ;
তুমিও সাহসী হবে—
দ্বিধাহীন ছন্দময় হবে
পরের জন্মে প্রেম করবো
একই সুরে গাইবো ৷

যদি তাও সম্ভব না হয়
ধ্রুবতারা হয়ে
দূর হতে তোমায় দেখবো…

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা