
আধুনিক জার্মান সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব জর্জ স্টাইনার। মূলত ঔপন্যাসিক, ছোটগল্পকার হিসেবেই বেশি জনপ্রিয়। কিন্তু লিখেছেন বেশ কিছু কবিতা। কবিতা সংখ্যায় কম লিখলেও, তাঁর কবিতা আধুনিক জার্মান কবিতার ইতিহাসে উল্লেখযোগ্য। বিশেষ করে, যত দিন যাচ্ছে জর্জ স্টাইনারের কবিতা নিয়ে তরুণ প্রজন্মের কবিদের মধ্যে উৎসাহ তত বাড়ছে। ১৯৩০ সালে সুইৎজরল্যন্ডে জন্ম। ঘুরেছেন সারা বিশ্ব। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ডার স্কোয়ার্জে কাস্টেন প্রকাশিত হয় ১৯৬৫ সালে। কবিতা লেখার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিজ, ফিল্মের স্ক্রিপ্ট, নাটক লিখেছেন। লিখেছেন অসংখ্য ছোটগল্প। ১৯৭৬ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ, গ্রেঞ্জেন গাব। তাঁর কবিতা কাঠামোয়, বক্তব্যে এবং ভাষায় এক স্বতন্ত্র ঘরানার।
বৃষ্টির ভিতর
রাস্তায় লোকজন খুব তাড়ায় আছে,
রাস্তায় এখন ঝাপসা বৃষ্টি
লোকজন খুব তাড়ায় থাকে, যখন এমন বৃষ্টি নামে
ঘরের ভিতরে যারা থাকে, তাদের হাতে সময় থাকে
ঘরের ভিতর থাকে উষ্ণতা
মানুষের সময় থাকে হাতে, যখন তারা ঘরের ভিতর থাকে
ঘরের ভিতরের মানুষেরা
রাস্তার লোকজন দেখে।
ধীরে। যখন বৃষ্টি নামল
প্রেমের কবিতা
তোমাকে ভালবাসব বলে জন্ম নিয়েছিলাম
তোমাকে ভালবাসব বলে মরে যাচ্ছি
কবর
আমার উপন্যাসের সব চরিত্র মৃত
তারা আমাকে নিয়ে মজা করবে বলে
গাছ হয়ে গেছে
আর শীতকালে
আমি তাদের কাছে প্রার্থনা করছি
পাতা হও, ফুল হও, ভাষা হও আবার
শান্তি
নীরবতার সামনে বসে আছেন রাইনার মারিয়া রিলকে
আমি তাঁর জন্য একটি ডায়েরির পাতা বাড়িয়ে রেখেছি
মাটি ফুঁড়ে উঠে আসছেন স্বয়ং গ্যয়টে
আমি তাঁর জন্য মহাকাব্য পেতে বসে আছি
ফাঁকা শূন্য খাতার পাতাগুলি যে কোনও দিন
আমার গলা টিপে ধরতে পারে
এ কথা বলতেই, মনে ঘুম নেমে এল
চোখদুটো জেগে রইল
যেমন জেগে থাকে অভিশাপগ্রস্ত মৃতদেহ
আকাশ দেখবে বলে
অনুবাদ ও ভূমিকা- হিন্দোল ভট্টাচার্য ৷


