১.
নষ্ট ঘড়ির ডায়েরি
খুঁড়িয়ে হাঁটলেই পায়ের সমস্যা
এমনটা নাও হতে পারে,
গল্পটা কোথাও হতে পারে ছেঁড়া চপ্পলের।
শোরুমের বাহুল্য বাদ দিলেও;
কাঁচাবাজার পেরিয়ে তবেই-না চর্মকারের দোকান
পণ্যের যা দাম!
পাকাবাজার নাম দেয়াটা এখন অভিজাত সময়ের দাবি।
২.
স্থবিরতার গল্প
ট্রেন ভ্রমণে দূরের গাঁ-কে দৌঁড়াতে দেখে বিস্ময়ে বাবার চোখে-চোখে রাখতেই,
বাবা বললেন তোমার শিশু চোখ।
যাজকের দুই-ই থাকতে পারে ভয় কিংবা ব্যবসা,
যেখানে যিশুর চেয়ে ক্রুশের বাজার মূল্য বেশি।
কোপার্নিকাস!
লুকিয়ে রাখলেও তেরোটা বছর পৃথিবী কি-আর থেমে থাকে?
ক্যালেন্ডারের পাতায় কী-করে গড়িয়ে চলে সময়ের চাকা সেটা জানতে মন্দিরের ঘন্টা নয় ঘড়ির আবিষ্কার জরুরি।
৩.
খাঁচা
ঝাঁপি থেকে বেরিয়ে দাঁতভাঙ্গা সাপটা ফণা তুললো, আর এ-সব অসহায়ত্ব দেখে ফিক করে হেসে উঠলো মজমার ভীতু লোকটাও।
ভেঙ্গে ফেলো চিড়িয়াখানার খাঁচা এমন প্লেকার্ড বুকে নিয়ে রাজপথের মাঝে দাঁড়াতেই আমাকে রক্তাক্ত করলো প্রিজনভ্যানের ধারালো নখ।
অবৈধ গর্ভধারণের বার্তা ছাপাতে; কোথাও ছাপা হলো না, কাঁটাবনের পাখির খাঁচা অ্যাকুরিয়াম—-
আর তাচ্ছিল্যের হাসি হেসে পাশকাটিয়ে হেঁটে গেল একটা লোক, হাতে তার গলায় শেকল পরানো বানর।


