নিদ্রাহীন সমাধিস্থ পিতা
(শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুকে উৎসর্গীত কবিতা)
রিজার্ভ ব্যাংকে জমা রেখেছি ভালোবাসা
পাসওয়ার্ড ভুলে গ্যাছি বলে মনে করো না অবলুপ্ত হয়েছি ভিটে মাটির ঠিকানা
যেখানে
ইট কাঠ আর সুরকির হল্লা শুনে ছুটে আসে মৌলবাদীর হিংসাত্মক ছোরা,
রাষ্ট্র চেয়েছিল সুশৃঙ্খল সভ্যতা
অথচ নদী নালা খালের মত ভরাট হয়ে গ্যাছে সূর্যমুখি জানালা
আজ যারা ‘হালুম’ বলেই ছিঁড়ে খাচ্ছেন ইতিহাসের বাহান্ন থেকে একাত্তরের পাতা
ভুলেই গ্যাছেন তারা
পিতৃহত্যার বর্বরোচিত সেই পনের-ই আগস্টের ভয়াবহ দিনের কথা
বলেছিল পিতা
এ আরণ্যক ভূমিতে বটবৃক্ষের মত হবে বাংলার স্বাধীনতা
অথচ পিতা
তুমি নাই বলে আজ গণধর্ষণে বাকরুদ্ধ পারমিতা হাজং উড়িয়া
মায়ের আদলে মুখখানি তার সোনায় মোড়া সবুজে ঘেরা ‘বাংলা’
শুনে রাখুন
এখানে মুক্তির বারতায় এখনও নিদ্রাহীন সমাধিস্থ পিতা
তর্জনীর এক ইশারাতেই ঝাপিয়ে পড়বো,রক্ষার্থে বীরাঙ্গনা মায়ের ‘লজ্জা’!


